মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে দুধে পানি মেশানোর অভিযোগ তুলে জনসম্মুখে গরুর খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্তা ও শারীরিক নির্যাতনের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনামুল বাঘা ওই গ্রামের হারুন বাঘার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় একটি ছোট ডিজিটাল ডিভাইস (যন্ত্র) নিয়ে বাজারে হাজির হন এনামুল বাঘা। নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো উপস্থাপন করে তিনি ভেজাল দুধ শনাক্তকরণের নামে কথিত অভিযান শুরু করেন। একপর্যায়ে গোকুল নামের এক বিক্রেতা ও এক নারীসহ তিন খামারির দুধে পানি মেশানো রয়েছে বলে দাবি করেন তিনি। এরপরই তিনি দুই খামারির মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

ঘটনার সময় উপস্থিত উৎসুক জনতার অনেকে বিষয়টি হাসি-ঠাট্টা হিসেবে উপভোগ করলেও খামারিরা চরম অপমান ও হয়রানির শিকার হন। পরে এনামুল বাঘা এই নির্যাতনের ভিডিও ধারণ করে তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই হেনস্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খামারিদের হেনস্তা করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আসামির নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন