বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে এমপির ভাতিজাসহ আটক ২

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তি
expand
মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তি

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) এবং তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ এসকাফ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) র‌্যাব-১৩’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এমপির ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ এসকাফ জব্দ করা হয়। এ ঘটনায় ইলিয়াছ হোসেন ও তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন