সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারী স্থলবন্দর ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর।
expand
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর।

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর।

আসছে ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এ সময়ে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীরা আলোচনা করে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

এ-বিষয়ে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা, পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ, ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বিএসএফ এবং উভয় দেশের চালক, কর্মচারী ও শ্রমিক সংগঠনকে দেওয়া হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম পুনরায় চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে। ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে পড়ে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন লিখিতভাবে জানিয়েছে। তবে এ সময় এই ইমিগ্রেশন পথ দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে। এবং কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন