

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জের শিল্প এলাকা ও দুটি সিএনজি স্টেশন এবং লক্ষ্মীপুরের পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৭ হাজার ১৫০ গ্রাহক ও চারটি সিএনজি স্টেশন গ্যাস সংকটে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার (৮ আগস্ট) রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের বাসাবাড়িতে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। পাশাপাশি গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহনচালক ও যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, রোববার (৯ আগস্ট) সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার মধ্যরাতের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। এ জন্য দ্রুত কাজ চলছে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম বলেন, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনটি পানির প্রায় ১০ ফুট নিচে থাকায় মেরামতের কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে।
তিনি বলেন, পাইপলাইনটি মেরামত না করে নতুন পাইপ দিয়ে বাইপাস লাইন তৈরি করে গ্যাস সরবরাহ চালু করা হবে।
শাহ আলম আরও বলেন, লিকেজের কারণে লক্ষ্মীপুরের প্রায় ৭ হাজার আবাসিক ও ১৫০ জন বাণিজ্যিক গ্রাহক এবং বেগমগঞ্জের দুটি ও লক্ষ্মীপুরের দুটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।