বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম
বিল্লাল হোসেন মিশরী
expand
বিল্লাল হোসেন মিশরী

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বিল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মেইন রোডে রেজিস্ট্রি মসজিদের সামনে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বিল্লাল হোসেন মিশরী। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বিল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিল্লাল মিশরীর ছোট ভাই হেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর রায়পুর মেইন সড়ক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন