

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজার কুষ্টিয়া সুগার মিলের জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রস্তাবের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদ।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জগতি সুগার মিলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক,চাষী,স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদের আহবায়ক আব্দুল মাজেদ, কুষ্টিয়া সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিথুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,গত ২৬ এপ্রিল জাতীয় সংসদে এমপি আমির হামজা সুগার মিলের জমি লিজ দেওয়ার বিষয়ে বক্তব্য দেন, যা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী। তারা বলেন, সুগার মিলটি কুষ্টিয়ার অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি বেসরকারিকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে।
এসময় বক্তারা মিলটি পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি করেন এবং দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,কুষ্টিয়া সুগার মিল এ অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িত। পরিকল্পিতভাবে মিলটি বন্ধ করে এর জমি ভাগ-বাটোয়ারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মিল চালুর উদ্যোগ নেওয়া হয় এবং ৭০ হাজার টন আখ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। এ অবস্থায় মিলের জমি বিদেশিদের কাছে হস্তান্তরের বক্তব্যে কুষ্টিয়াবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কোনোভাবেই মিলের জমি বণ্টন বা লিজ দেওয়ার উদ্যোগ মেনে নেওয়া হবে না।
মন্তব্য করুন