সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
নিহত রাশিকুল আনাম রাশু (৩৬)
expand
নিহত রাশিকুল আনাম রাশু (৩৬)

খুলনার দৌলতপুরে সন্ত্রাসীদের গুলিতে রাশিকুল আনাম রাশু (৩৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা বিএনপি নেতা শরীফুল আনামের ছেলে।

তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ইট-বালুর ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কেরাম বোর্ড খেলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে সেখানে এসে তাকে লক্ষ্য করে এলাপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাশু পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন