

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের এম এম আলী রোডে অবস্থিত নিউ নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিচালিত অভিযানে ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মহিবুল ইসলামের নেতৃত্বে হোটেলটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। পাশাপাশি রান্নাঘরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর, যা নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচিত হয়।
পরিদর্শনে পাওয়া অনিয়মের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম নিউ নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এর মধ্যে হোটেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট ৮০ হাজার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করেছেন হোটেলটির মালিক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাদ্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড ও স্যানিটারি লাইসেন্স সংরক্ষণ এবং রান্নাঘরসহ পুরো প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আইনগত বাধ্যবাধকতা। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।