

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা কবলিত ভবদহ অঞ্চলের স্থায়ী সমাধান এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার শত শত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন।
কর্মসূচির আগে লাঙ্গল, কাস্তে, শাপলা ও জলাবদ্ধতার প্রতীকী উপকরণ হাতে নিয়ে মিছিল সহকারে কালেক্টরেট চত্বরে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টির মধ্যেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ ভুক্তভোগী এলাকার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রতি বছর ৬ থেকে ৭ মাস ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে থাকে। এতে কৃষিজমি, ফসল, মাছের ঘের, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশুদ্ধ পানি, খাদ্য ও পয়ঃনিষ্কাশন সংকটের কারণে মানবিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সব নদী-খাল খনন, আমডাঙা খালের দ্রুত সংস্কার, খরনিয়া সেতুর পাশের আড়বাঁধসহ পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণ এবং বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়নের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি যৌক্তিক। তিনি দাবি করেন, সরকার পর্যায়ক্রমে খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবদহ সমস্যার সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ভবদহ এলাকায় টিআরএম বাস্তবায়নের আন্দোলনের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের কারণে সমস্যার স্থায়ী সমাধানও বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
কর্মসূচি থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি ভবদহ অঞ্চলের কৃষক-জনতার দীর্ঘদিনের দুর্ভোগ জাতীয়ভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।


