মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডিবির অভিযানে বিজিবির পোশাক, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যশোর শহরের ষষ্টিতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি ও ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ষষ্টিতলা এলাকার একটি তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানকালে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডক্যাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক উজ্জ্বলের বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার গোগা গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

এ বিষয়ে এসআই কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, উজ্জ্বল সরকারি বাহিনীর পোশাক পরে রাস্তায় ডাকাতি করতেন। এছাড়া তার বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। যশোরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন