

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ময়লা-আবর্জনার পাশেই খাদ্য প্রস্তুত এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের অভিযোগে যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ই-ব্লক কলাবাগান এলাকায় অবস্থিত আসিফ সুইটসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পরে উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্রেও অভিযান চালানো হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা আব্দুর রহমান জানান, অভিযানে কারখানায় ড্রেনেজ ব্যবস্থার অভাব, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, চারপাশে মাছির উপদ্রব এবং ডাস্টবিনের পাশেই মিষ্টি তৈরির মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া বিক্রয়কেন্দ্রে ফ্রিজে বাসি দই সংরক্ষণ এবং অন্যান্য মিষ্টিও একইভাবে রাখা হয়েছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


