বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির বাজারে নতুন চমক, যশোরের খামারে ৩০ লাখ টাকার উট

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কোরবানির ঈদ সামনে রেখে যশোরের সীমান্তাঞ্চলে এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে মরুভূমির প্রাণী উট। জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে গড়ে ওঠা একটি খামারে পাঁচটি বিশাল আকৃতির উট দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে খামারটি এখন যেন ছোট্ট এক বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

খামারের মালিক ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, প্রায় দেড় বছর আগে সৌদি আরব থেকে বাণিজ্যিকভাবে উট পালনের উদ্দেশ্যে প্রাণীগুলো আমদানি করা হয়। নিয়মিত পরিচর্যা, চিকিৎসা ও দেশীয় খাবারের মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া হয়েছে উটগুলোকে।

বর্তমানে খামারে থাকা পাঁচটি উটের উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। কোরবানির বাজারকে সামনে রেখে প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ২২ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। এরই মধ্যে একটি উট ২৬ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছে।

খামারটির পরিচালক শহিদুল্লাল বলেন, উটগুলোর জন্য বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। প্রতিদিন দুই বেলা খড় খাওয়ানোর পাশাপাশি পানির সঙ্গে ভুসি ও খৈল মিশিয়ে খাবার দেওয়া হয়। উটগুলো এখন দেশের আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে। সঠিক পরিচর্যা পেলে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে উট পালন সম্ভব।

খামারে গিয়ে দেখা যায়, উটগুলোর বিশাল দেহ আর ভিন্নরকম গড়ন দেখতে ভিড় করছেন নারী-পুরুষ ও শিশু-কিশোররা। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। তবে উচ্চমূল্যের কারণে বেশিরভাগ মানুষ উট কিনতে না পারলেও আগ্রহ নিয়ে দেখতে আসছেন।

খামার কর্তৃপক্ষ জানায়, স্থানীয়ভাবে কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় উটগুলো ঢাকা ও চট্টগ্রামের বড় কোরবানির হাটে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, উট মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশের পরিবেশে এটি পালন করা সম্ভব। ঘাস ও দানাজাতীয় সাধারণ খাদ্যেই উট সুস্থভাবে বেড়ে উঠছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে উট পালন লাভজনক হতে পারে।

উল্লেখ্য, নাসির উদ্দিনের খামারে উটের পাশাপাশি রয়েছে সহস্রাধিক গরু ও ছাগল। মাত্র তিন বিঘা জমি নিয়ে শুরু হওয়া খামারটি বর্তমানে প্রায় ১৫ বিঘা এলাকায় বিস্তৃত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন