

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীম আল জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের নাগরিক সমাজ। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
রোববার বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুরে পীরের দরবারে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় পীর শামীম আল জাহাঙ্গীরকে। হামলাকারীরা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে মাজারের আরও বেশ কয়েকজন আহত হন।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়সহ সাম্প্রতিক সময়ে দেশে ৯৭টি মাজারে হামলার প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় ৩ জন নিহত ও ৪৬৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১টি ঘটনায় মামলা হলেও কার্যকর অগ্রগতি নেই বলে দাবি করেন তারা। বিচারহীনতা ও প্রশাসনিক গাফিলতির কারণেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির যশোর জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, গণমাধ্যম ব্যক্তিত্ব আহমদ সাঈদ আহমদ বুলবুল, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, অ্যাডভোকেট আবুল কায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, নারীনেত্রী বীথিকা সরকার, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা, গ্রাম থিয়েটার আন্দোলনের সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান, যুবনেতা সুকান্ত দাস, অর্পণ মানব কল্যাণ সংস্থার কো-অর্ডিনেটর রুবায়দুল সুমন এবং ছাত্রনেতা রাশেদ খান।
মন্তব্য করুন