

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চৌগাছায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে নারী ভোটারদের ওপর হামলা ও লুটপাটের অভিযোগে ধানের শীষ প্রতীকের তিন কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ গোলাম রসুল অভিযোগটি আমলে নিয়ে মোঃ শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমানের বিরুদ্ধে সামারি ট্রায়ালের আদেশ দিয়েছেন।
আদেশ সূত্রে জানা যায়, অভিযোগকারী নাসরিন খাতুন (গ্রাম-মাঠচাকলা, হাকিমপুর ইউনিয়ন) লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে চৌগাছা উপজেলার ৮নং হাকিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঠচাকলা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ নারীদের কাছে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা তাদের ওপর হামলা চালায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।
বিচারিক কমিটি মনে করে, অভিযুক্তদের এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫(ঘ) বিধির সরাসরি লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের প্রাথমিক উপাদান প্রমাণিত হওয়ায় বিষয়টি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে আমলে নেওয়া হয়েছে।
আদেশে অভিযুক্তদের আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীকে সাক্ষ্যপ্রমাণসহ হাজির থাকতে বলা হয়েছে এবং সাক্ষীদের প্রতিও সমন জারি করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সমন জারি ও দ্রুত জারী প্রতিবেদন দাখিলের কঠোর নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয়দের মতে, নির্বাচনের সময় এ ধরনের নারী নির্যাতন ও সহিংসতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
