সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:৫৪ পিএম
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু
expand
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু

জামালপুরের মাদারগঞ্জে ছাত্রদলের এক সাবেক নেতার হঠাৎ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার কথা জানান।

রোববার (৩ মে) দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় হয়েছে এবং ক্যারিয়ার গঠনে পিছিয়ে পড়েছেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি এখন নতুনভাবে নিজের জীবন গড়ে তুলতে চান।

জানা গেছে, মো. সাদ বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা এবং মাজহারুল ইসলাম খাদেমের পুত্র।

তিনি ২০১৮-১৯ সাল থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০২১-২২ সালে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় দুঃসময়ের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

নিজের বক্তব্যে তিনি বলেন, “রাজনীতিতে দীর্ঘ সময় দেওয়ার কারণে আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে এবং ক্যারিয়ারেও ক্ষতির মুখে পড়েছি। এখন আমি আমার ভবিষ্যৎ গঠনে মনোযোগ দিতে চাই। তাই রাজনীতিতে আর ফিরে আসার ইচ্ছা নেই।”

তিনি আরও বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় অনেক অভিজ্ঞতা অর্জন করলেও বর্তমানে তার প্রধান লক্ষ্য নিজের ক্যারিয়ার গঠন। এ কারণে তিনি সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অতীতে কারো সঙ্গে কোনো খারাপ আচরণ হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আতিকুল রহমান সুমিল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাবেক ওই নেতার এমন সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন