রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার খলিল উদ্দিন ও গোলাম হোসেন (৬০)।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের হরিনগর এলাকায় একটি জমি থেকে জুবা আক্তারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তে উঠে আসে, ঘটনার রাতে কিশোরীটি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে ওই স্থানে গিয়েছিল। সেখানে খলিল উদ্দিনের সঙ্গে তার দেখা হয় এবং খলিল তাঁকে ফুসলিয়ে ধর্ষণ করে। মামলার তদন্ত ও আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, একপর্যায়ে গোলাম হোসেন বিষয়টি দেখে ফেলেন। পরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হলে সে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

তদন্তের তিন দিনের মাথায় মামলার প্রধান আসামি খলিল উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়। পরে পুলিশ গোলাম হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার নথি ও সাক্ষ্য অনুযায়ী, ধর্ষণের ঘটনায় কিশোরীর মৃত্যু হলে হত্যার ঘটনা আড়াল করতে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তার মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত রোববার খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, কিশোরী হত্যার মতো নৃশংস ঘটনায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank