রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্বিষহ জনজীবন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
expand
হবিগঞ্জে রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্বিষহ জনজীবন

হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়ক যেন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার বর্জ্য দীর্ঘদিন ধরে সড়কের ওপর স্তূপ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা। রাস্তার প্রায় অর্ধেক অংশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লার স্তূপের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পাশাপাশি দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং মাছি-মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকা।

রবিবার (২৮ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আধুনিক স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কের প্রায় ২০০ গজ এলাকাজুড়ে বিভিন্ন ধরনের গৃহস্থালি ও পৌর বর্জ্যের বিশাল স্তূপ জমে রয়েছে। কোথাও কোথাও ময়লা সড়কের মাঝামাঝি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যাওয়ায় ছোট-বড় যানবাহনকে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিপরীতমুখী দুটি যানবাহন একসঙ্গে অতিক্রম করতে গিয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যস্ততম এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ময়লার স্তূপ থেকে বের হওয়া দুর্গন্ধে ওই এলাকা দিয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে পড়েছে। তীব্র রোদে পচা বর্জ্যের দুর্গন্ধ আরও ভয়াবহ আকার ধারণ করছে। আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ির লোকজনও এ কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্গন্ধের পাশাপাশি বর্জ্যের কারণে মাছি-মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি কোনো একদিনের সমস্যা নয়। পৌরসভার অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই সড়কের পাশে ও ওপর বর্জ্য ফেলে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ে ময়লা অপসারণ না করায় প্রতিদিনই স্তূপ বড় হচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। তারা অবিলম্বে এই ময়লা অপসারণের পাশাপাশি স্থায়ীভাবে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

এ সময় ময়লা অপসারণে নিয়োজিত পৌরসভার কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, ময়লা বহনের জন্য ব্যবহৃত কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে না। এ কারণে কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণ ময়লা জমে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাড়িগুলো মেরামত হলে দ্রুত বর্জ্য সরিয়ে নেওয়া হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

পথচারী ও যানবাহনের চালকদের অভিযোগ, এটি হবিগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন এই পথ ব্যবহার করে। কিন্তু রাস্তার ওপর ময়লার স্তূপ থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় দুর্গন্ধের কারণে মুখে রুমাল চেপে পথ অতিক্রম করতে হয়। তারা বলেন, জনবহুল সড়কে এভাবে ময়লা ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

স্থানীয় সচেতন মহলের মতে, সড়কের ওপর এভাবে বর্জ্য স্তূপ করে রাখার ফলে শুধু যান চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং বর্ষাকালে বর্জ্য ছড়িয়ে ড্রেনেজ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত রাস্তা থেকে ময়লার স্তূপ অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ভবিষ্যতে জনবহুল সড়কে এভাবে ময়লা ফেলে না রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup