

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা মাহদী হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, প্রশাসনিক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতরে একজন ছাত্রনেতার ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নেতারা দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত হামলাকারীদের পরিচয় বেরিয়ে আসবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তবে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে ঘটনার বিচার চান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।