

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে বন্ধ থাকা ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রম করে যাত্রা পুনরায় শুরু করে।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন অতিক্রমকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খালে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। টানা প্রায় ১৯ ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটের একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকালে ট্রেনগুলো ধীরে ধীরে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্বে সকাল ৯টায় ছেড়ে শায়েস্তাগঞ্জ জংশনে এসে আটকে ছিল। অপরদিকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস হরষপুর স্টেশনে থেমে ছিল, যা পরবর্তীতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া ট্যাংকার থেকে ডিজেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা সংগ্রহের জন্য ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আরও একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন