

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার অন্যতম আসামি শাহীন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ দল শনিবার (২৮ মার্চ) ভোররাত প্রায় ৩টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত শাহীন মিয়া (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি এই মামলার এজাহারভুক্ত পলাতক ২ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার এক নারী তার পরিচিত হোসেন মিয়ার সঙ্গে ঘুরতে মাধবপুরের সুরমা চা বাগানে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই দুর্বৃত্ত তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করে। এ সময় হোসেন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ওই নারীকে একা পেয়ে অভিযুক্তরা জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এসময় তারা ভিকটিমের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শাহীন মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন