

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবল উপজেলার গুহারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে এবং পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৮টার দিকে গুহারুয়া গ্রামে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত সাতটি পরিবারের বসতঘর, ঘরের আসবাবপত্র ও দুটি গরুসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন