

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১১ হাজার ৩৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন এবং ভোট প্রদানের হার ছিল ৪৫.৮৯ শতাংশ।
ফলাফল ঘোষণার পর নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এই বিজয়ের পেছনে তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া-এর ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মাঠে থেকে গণসংযোগ, নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক ও পারিবারিক সভায় অংশ নিয়ে প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন। অনেকের মতে, তাঁর নিরলস পরিশ্রম ও সাংগঠনিক সম্পৃক্ততা বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিজয়ের পর তিনি এলাকাবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) পেয়েছেন ৬৩৯ ভোট।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় ড. রেজা কিবরিয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাঁর প্রধান অঙ্গীকার। তিনি উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ড. রেজা কিবরিয়া দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এ.এম.এস. কিবরিয়া-এর সন্তান। নির্বাচনের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করে দলে যোগ দেন এবং দলীয় মনোনয়ন লাভ করেন। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ব্যাপক প্রচারণা ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনি এ বিজয় অর্জন করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পিতার অসমাপ্ত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনি হবিগঞ্জ-১ আসনে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।
মন্তব্য করুন
