শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
গ্রেপ্তারকৃত আলামিন শেখ (৩১)
expand

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের ২৫টি মুঠোফোন, চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের মুদ্রা এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিন শেখের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় আলামিনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মুঠোফোনের মধ্যে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি আইফোন রয়েছে। এ ছাড়া চারটি বিভিন্ন মডেলের ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের ৭৭টি মুদ্রার নোট উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank