সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, শেষ পর্যন্ত প্রত্যাহার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল
expand
ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল

আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে দায়ের করা চাঁদাবাজীর মামলা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির বাদী ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক রাইসা সরকার মামলাটি প্রত্যহারের আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ-এ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ঠিকাদার ইয়াসিন ফকির ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, ‘আমি উপলব্ধি করেছি, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের আবেদন করি আদালতে। আদালত তা আমলে নেয়।’

ইয়াসিন ফকির আরও বলেন, ‘সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।’

মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, ‘সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ করতে গিয়ে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা করা হয়েছিল, আজ বাদী নিজেই আদালতে তা প্রত্যাহারের আবেদন করেছেন এবং আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। আমি শুরু থেকেই বলে আসছিলাম, মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। আজকের ঘটনা তারই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকের কাজ হলো অনিয়ম-দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা। এ দায়িত্ব পালন করতে গিয়ে মামলা কিংবা কোনো ধরনের চাপ এলে সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যেতে চাই।’

এদিকে মামলাটি প্রত্যাহারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মামলা দায়ের করে তাকে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা উচিত নয়। অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে আমাদের সংগঠনটি তার পাশে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন