সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলা দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির (জাপা) শক্ত অবস্থান হিসেবে পরিচিত। তবে সেই সমীকরণে ফাঁটল ধরিয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা আতাউর রহমান সরকার আতা দল ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীও দলবদল করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আতাউর রহমানের নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

স্থানীয় সূত্র জানায়, সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মমিতুল হক নয়নসহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী একই সঙ্গে বিএনপির পতাকাতলে আসেন।

আতাউর রহমান সরকার গাইবান্ধার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে থেকেও তিনি দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করেন।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় নেতারা।

সাঘাটা দীর্ঘদিন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন