

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পুরুষ ও তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের ধারণা, তাকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ মিটার দূরে কাঁচা রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি পৃথক তিনটি স্থানে তিনটি কার্টুনের প্যাকেট দেখতে পায়। পরে থানা-পুলিশ খবর পেয়ে কার্টন তিনটি উদ্ধার করে এবং প্যাকেটগুলোর ভেতরে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ দেখতে পায়।
স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহটির শরীর ছয়টি অংশে খণ্ডিত রয়েছে। যার মধ্যে মাথা থেকে বুক পর্যন্ত একটি অংশ, বুক থেকে কোমর পর্যন্ত আরেকটি অংশ এবং দুই পায়ের চারটি খণ্ডিত অংশ রয়েছে। এ ছাড়া তাঁর দুই হাতের আঙুল কাটা রয়েছে এবং মাথার অংশের চামড়া তুলে ফেলা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান, পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা অবস্থায় এবং অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে হত্যা করে গাড়িতে করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



