

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না। সাংবাদিকতা করার পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা সমীচীন নয়।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মতবিনিময় সভা চলে।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘সাংবাদিকদের আচার-আচরণ, চলনে-বলনে ন্যূনতম বাতাবরণ থাকতে হবে। আপনারা এলাকার ইতিবাচক খবরের ওপরও গুরুত্ব দেবেন। একটি এলাকার ভাবমূর্তি অনেকাংশে আপনাদের সংবাদ পরিবেশনের ওপর নির্ভর করে। পাশাপাশি সাংবাদিকতায় সততা বজায় রাখতে হবে।’
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে আপনারা আমাকে তথ্য দেবেন। এমনকি আমাদের দলের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলেও জানাবেন। পরিচয় গোপন রেখে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, জুয়া ও মাদককে যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমার দলের বা ঘনিষ্ঠ কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’
এমপি বলেন, গত ছয় মাসে ভাঙ্গায় বেশ কিছু উন্নয়নকাজ দৃশ্যমান হয়েছে। ছয়টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রসহ ভবন নির্মাণে মোট ৪৮ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া ৪০টি সড়ক নির্মাণের কাজ চলছে এবং আরও ৪৩টি সড়কের কাজ অনুমোদন হয়েছে।
তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের দাবি ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।দুর্ঘটনাপ্রবণ ভাঙ্গায় ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। সদরপুরে নদীভাঙন রোধেও কাজ চলছে।


