

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আধ্যাত্মিক আবহ, জিকির-আসকার ও দরুদ-সালামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঐতিহ্যবাহী আটরশি দরবার শরীফ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে দিনরাতব্যাপী নানা কর্মসূচি।
মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির শুরু থেকেই দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল নামাজের পাশাপাশি জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করছেন আলেম ও ধর্মীয় ব্যক্তিরা।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ-জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নানা পরিবহনে বিপুলসংখ্যক আশেকান-জাকেরান ও ভক্ত আটরশি দরবার শরীফে সমবেত হয়েছেন। আগতদের বিশ্রাম, খাবার ও মেহমানদারির জন্য দরবার শরীফ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে দরবার শরীফ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।
আগামীকাল বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আটরশি দরবার শরীফের দিনরাতব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে।


