বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার টাকার ঋণ পরিশোধ করতে দাদিকে হত্যা, নাতিসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
হত্যা মামলার আসামিরা
expand
হত্যা মামলার আসামিরা

‎‎দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইন জুয়া ও ঋণের টাকা জোগাতে দাদিকে হত্যার ঘটনায় নাতি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও হত্যার সঙ্গে জড়িত বাকি দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

‎‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।

‎‎তিনি জানান, জেলার ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে গত ২১ এপ্রিল বৃদ্ধা অলেদা বেওয়াকে (৭০) হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, অনলাইনে জুয়া খেলতে গিয়ে ঘোড়াঘাট উপজেলার পুরইল গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মো. ফজলে রাব্বী (২৯), দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মো. মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা শান্ত (২৬) ঋণে জর্জরিত হয়ে পড়ে।

‎‎ঋণ পরিশোধ ও জুয়ার টাকা জোগাড়ে তারা চুরির পরিকল্পনা করেন। এসময় ঘটনার মূল পরিকল্পনাকারী নাজমুল হুদা দাদির বাড়িতে চুরির পরিকল্পনা সাজান৷ এতে যোগ দেন অভিযুক্ত ফজলে রাব্বী ও মুসফিকুর রহমান। তারা তিনজন মিলে গত ২১ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করেন। এসময় বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। অভিযুক্তরা ঘরের মধ্যে থাকা স্বর্ণালংকার চুরির চেষ্টা করেন।

‎‎এসময় বৃদ্ধা অলেদা বেওয়া ঘুম থেকে জেগে উঠলে অভিযুক্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালংঙ্কারও নিয়ে যায়।

‎‎পুলিশ সুপার আরও জানান, হত্যার পর আসামিরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে যান। তবে পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রথমে রাজকে গোকুল নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর শান্তকে তার নিজ বাড়ি থেকে এবং সবশেষ রাব্বীকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই লোমহর্ষক হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank