

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার কেরানীগঞ্জে বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে নাদিম (১৫) ও রাজন (১৪)। এ ঘটনায় তাদের আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু মিলে অটোরিকশা নিয়ে হাসনাবাদ এলাকায় চা পানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজন প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।