রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং দখলদারদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অনেক সম্পদ ইতিমধ্যে দখল হয়ে গেছে। ওয়াকফের মূল দলিল উপেক্ষা করে ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে পোস্ট অফিসসংলগ্ন ২২১৬ দাগ ও প্রফেসর কলোনি ইতিমধ্যে বেদখল হয়েছে বলে দাবি করেন তারা। সর্বশেষ গতকাল ২২২২ দাগে ৭১ ডিসিম জায়গা দখলের চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। তারা কলেজ ও ওয়াকফের সম্পদ সংরক্ষণ এবং কলেজের এক ইঞ্চি জায়গাও যাতে বেদখল না হয়, সে বিষয়ে ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে লাকসাম উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সহায়তায় নবাব ফয়জুন্নেছা কলেজের প্রায় ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমিদস্যুদের তৎপরতা শুরু হয়েছে।

সম্প্রতি পোস্ট অফিসসংলগ্ন রাস্তা ও কলেজ ক্যাম্পাসের বাউন্ডারি নির্মাণকাজেও এসব নেতার ইন্ধনে ভূমিদস্যুরা বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কাজের সঙ্গে কলেজের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফখরুল লতিফের ওপর সন্ত্রাসীরা চড়াও হন বলেও অভিযোগ করেন বক্তারা।

কলেজ প্রশাসন বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে জানালে তিনি উপজেলা প্রশাসন ও লাকসাম থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানানো হয়।

বক্তারা বলেন, উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জনকল্যাণে ২৯৭ একর জায়গা ওয়াকফ রাহে লিল্লাহ করেন। এর মধ্যে ২৯০ একর ইতিমধ্যে গায়েব হয়ে গেছে বলে দাবি করা হয়।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বক্তারা আরও বলেন, ভূমিদস্যুরা জালিয়াতির মাধ্যমে ওয়াকফের এসব জায়গা ব্যক্তিগত নামে ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজন করে দখল ও বেচাকেনায় লিপ্ত রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন দিদার হোসাইন, রাকিবুল হাসান ও আরাফাত হোসেন প্রমুখ। বক্তারা সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্য মো. আবুল কালামকে ধন্যবাদ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank