

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বরুড়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের কথা টের পেয়ে সটকে পড়ায় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩ আগস্ট) প্রথম প্রহরে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় মাদকের একটি বড় চালানের খবর পায় বরুড়া থানা-পুলিশ। খবর পেয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে চম্পট দেয়।
পরবর্তী সময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৭টি বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে বস্তাগুলোয় ঠিক কত বোতল ফেনসিডিল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে গণনা করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ফেনসিডিল গণনার কাজ চলছে। গণনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, উপজেলার মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


