রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৬:০৩ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
expand
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তাঁর দল আশা করছে।

রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। তিনি বলেন, প্রধান বিরোধীদল মানে ভবিষ্যতের সরকার। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। নির্বাচনের তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে উন্নয়ন বরাদ্দ আরও বাড়বে।

চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি কিশোর গ্যাং ও মাদক ব্যবসাকে এলাকার প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলাম। অন্য কোনো পেশায় চলে যান। এরপরও যদি এ কাজে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্থানীয় জনগণকে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, সমাজের অধিকাংশ মানুষ ভালো, তাই সম্মিলিত উদ্যোগে অপরাধ দমন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন