সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৪৩ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

কুমিল্লার বুড়িচংয়ে এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৩ মে সকালে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার চারদিন পর রোববার (১৭ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক শিশির ওরফে মাহির মৃত্যু হয়।

মাহি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের বাসিন্দা এবং কামরুল হক ফরহাদের সন্তান।

অভিযোগ রয়েছে, একই সম্প্রদায়ের জহিরুল ইসলাম আপন ওরফে জহির তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় মাহিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাহির শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে যায় এবং শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের দাবি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় বসবাসরত কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মাদকের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। সেই বিরোধ থেকেই হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা কামরুল হক ফরহাদ বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন। মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত জহির এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন