

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি পরীক্ষার কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ফেসবুকে লাইভ করার ঘটনায় আলোচনায় এসেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্যের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি এই লাইভে যুক্ত হন। প্রায় নয় মিনিটের ওই ভিডিওতে তাঁকে কেন্দ্রের ভেতরে বিভিন্ন কক্ষ ঘুরে দেখতে এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
লাইভে দেখা যায়, একটি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানতে চান, পরীক্ষা সহজ হয়েছে কি না। অন্য কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং একজন শিক্ষককে নিজের কাজ চালিয়ে যেতে ইশারায় বলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে সমালোচনা তৈরি হয়েছে। তাঁদের মতে, পরীক্ষার সময় এ ধরনের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য চাপের কারণ হতে পারে। সে কারণেই শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রতিনিধিদের পরীক্ষার হলে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি মো. শাহ আলমগীর খান বলেন, পরীক্ষার হলে বাইরের কোনো প্রভাব পড়া উচিত নয়। একজন সংসদ সদস্যের এভাবে ভেতরে গিয়ে লাইভ করা ঠিক হয়নি।
কেন্দ্র সচিব ও হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, তিনি এমপির আগমনের কথা শুনে দেখা করতে গিয়েছিলেন। পরে দায়িত্বের কারণে সেখান থেকে চলে যান। লাইভের বিষয়টি তাঁর জানা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, পরীক্ষার হলে জনপ্রতিনিধিদের প্রবেশ না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন