বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : গেইটম্যান হেলাল গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ এএম
পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ
expand
পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ

পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার-সংক্রান্ত বিস্তারিত তুলে ধরতে আজ ঢাকায় প্রেস ব্রিফিং করা হবে।

ঘটনার পরদিন সোমবার লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার।

তিনি নিহত সোহেল রানার খালা এবং দুর্ঘটনার সময় একই বাসে ছিলেন। মামলায় গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগেই এ মামলা করা হয়েছে। নিহত সোহেল রানা মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ঈদ উপলক্ষে দেশে এসে চুয়াডাঙ্গার বাড়ি থেকে খালার বাসায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা দুই কর্মচারী-হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন