সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লার সমর্থকদের হামলায় বিএনপির ৩ কর্মী আহত

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
হামলায় আহত বিএনপি কর্মী
expand
হামলায় আহত বিএনপি কর্মী

কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের ৩ জন সমর্থক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার ৩নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে।

আহতরা সবাই গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজি যোগে মাইকিং প্রচারণা কর্মী ছিলেন।

আহতরা হলেন- ৩=নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি (৪৩), একই গ্রামের জনু মিয়ার পুত্র সিএনজিচালক সুমন (৩০) ও ছত্তর মিয়ার পুত্র সহকারি প্রতিবন্দী সুজন (২০) এবং তারা ৩ জনই বিএনপি সমর্থক।

আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত মো. গোলাম হাক্কানি (৪৩)-কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তার মাথায় মারাত্মত আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এ ব্যাপারে গোলাম হাক্কানির ভাই ফয়েজ আহমেদ সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন।

আহত গোলাম হাক্কানীর ভাই ফয়েজ আহমেদ সরকার জানান, আমাদের ট্রাক প্রতীকের প্রচারে নিয়োজিত সিএনজি ও মাইক প্রচার শেষে দোকানে জমা দিতে আসলে এনসিপির স্থানীয় সমর্থক প্রবাসী কামাল হোসেনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন কোন কারণ ছাড়াই সিএনজির ওপর অতর্কিত হামলা ও সিএনজিতে থাকা আমার ভাই হাক্কানী, সিএনজিচালক সুমন ও সিএনজিতে থাকা প্রতিবন্দী সুজনকে পিটিয়ে মারাত্মক আহত করে।

এ ব্যাপারে ওয়াহেদপুর গ্রামের এনসিপি সমর্থক আলী হোসেন জানান, প্রবাসী কামাল হোসেন ৮ টার পর মাইকিং করা নিষেধ এবং ঘুমের ক্ষতি হয় বলায় তাদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

উল্লেখ্য, এ আসন থেকে জামায়েত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন।

অপরদিকে এ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক টানা চার বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিলের পর, বিএনপি দলীয় জোটের ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে মাঠে নামেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শুনেছি ট্রাক প্রতীকের সমর্থকরা মাইকিং প্রচারণা শেষে ফেরার পথে এনসিপির সমর্থকদের হামলায় ২ থেকে ৩ জন আহত হয়েছে, এদের মধ্যে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত আছেন। ওই ব্যাপারে আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার কথা শুনেছি, তবে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

দেবীদ্বারে নির্বাচনী সহিংসতায় এনসিপির হামলায় আহত বিএনপি সমর্থক হাক্কানীর ছবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন