

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেবের ছেলে পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এলাকার গাছা থানার পূর্ব কলমেরশর এলাকার বাসিন্দা মৃত মো. রহমান খানের পুত্র মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের বাসিন্দা ওমর আহমেদের কন্যা সাদিয়া আক্তার (২৪) এবং একই এলাকার ফারুক আহমেদের কন্যা নুসরাত জাহান ইভা (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশের নেতৃত্বে জাঙ্গালিয়ায় বিশেষ তল্লাশি পরিচালনা করা হয়।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী চকোলেট রঙের একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৪০টি সবুজ রঙের পলিথিনের প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা প্রাইভেট কারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মাদক পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


