

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু মিয়া চৌধুরীপাড়ার মো. জহির উদ্দিনের ছেলে।
নিহতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার গভীর রাতে নিজ ঘরে মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি গোখরা সাপ সোহানকে কামড় দেয়। পরে তিনি সাপটি ধরে মেরে ফেলেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব বলেন, গোখরা সাপের বিষ দ্রুত স্নায়ুতন্ত্রে আঘাত করে। সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে এনে অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা জরুরি। স্বজনরা রোগীকে দ্রুত হাসপাতালে না এনে ওঝা বা বৈদ্যের কাছে নিয়ে যাওয়ায় চিকিৎসায় বিলম্ব হয়েছে। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন,সাপের কামড়ের পর ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব।