

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ মহিউদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার (২৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন মহিউদ্দিন। মাদামবিবিরহাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোড পশ্চিম এলাকার হাজী নেসার আহমেদের ছেলে।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী জানান, মহিউদ্দিন অত্যন্ত সৎ, নম্র ও সদালাপী একজন মানুষ ছিলেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।