

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় জারিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস, মাইক্রোবাস, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে সামনে ওঠা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে অবস্থানরত জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জারিয়া বেগম উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা এবং জহুরুল আলমের স্ত্রী।
দুর্ঘটনার পর বাসটি সড়কের মাঝখানে থেমে গেলে পেছন থেকে আসা একটি ডাম্প ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়, ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটি সড়কের পাশের মোহাম্মদীয়া বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে। এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রীসহ পথচারীরা আহত হন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ, কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং স্বাভাবিক যানবাহন চলছে।