

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সরকারি পরিবহন সংস্থা (বিআরটিসি) বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বাসের চালককে আটক করেছে।
সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং গ্রামের মোহাম্মদ শাহাজাহান (৪৫) এবং তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (২২)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে আসছিল। আমতল এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসটি প্রথমে সড়কে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপরই বাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পথচারীরা ক্ষোভে বিআরটিসি বাসটিতে অগ্নিসংযোগ করেন এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সড়কের মাঝখানে বাসে আগুন জ্বলতে থাকায় এবং দীর্ঘ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসের আগুন নেভানো হয়। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর প্রায় ২ ঘণ্টা পর পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে বাসের চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।