সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হয়েই রাস্তা পরিষ্কারে শাহজাহান চৌধুরী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী।
expand
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সফরে এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার কানু পুকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার, ড্রেনের ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কার্যক্রমে অংশ নেন এমপি।

অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান আল্লাহ শহীদদের শাহাদাত কবুল করুন। শহীদ জব্বার, বরকত, সালাম ও রফিকসহ ভাষা আন্দোলনের বীরদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। সাতকানিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলবে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।

সংসদ সদস্য হিসেবে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা শপথ নিয়েছি—সংসদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে সমাজের জঞ্জাল দূর করাই আমাদের লক্ষ্য। আজকের এই অভিযান শুধু পরিবেশ পরিচ্ছন্নতার নয়, মন সংশোধনেরও একটি উদ্যোগ। পরিবেশ সুন্দর থাকলে মানুষের মনও ইতিবাচক হয়।

তিনি উল্লেখ করেন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে এমপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কের আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কাজ করেন। স্থানীয় বাসিন্দারাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X