

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।
ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষকের নাম আবু ছাঈদ মোগল (৭০)। তিনি স্থানীয় শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী স্বপন মোগল ও তাঁর ভাই কিরণ মোগলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপি বিতর্কিত জমিতে গেলে স্বপন মোগল বাধা দেন এবং একপর্যায়ে তাঁকে মারধর করেন।
মেয়ের চিৎকার শুনে আবু ছাঈদ মোগল ঘটনাস্থলে গেলে উত্তেজিত হয়ে স্বপন ও কিরণ ধারালো দা দিয়ে তাঁকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আবু ছাঈদ মোগলের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন স্বপন ও কিরণের বাড়িতে হামলা চালান।
হামলার সময় তিনটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে উঠানে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।
আহত শিক্ষকের মেয়ে রোকেয়া লিপি বলেন, “আমার বৃদ্ধ বাবাকে যারা কুপিয়ে আহত করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
শিবপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা ও পরবর্তী ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন
