শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট, পণ্য পরিবহনে অচলাবস্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
চট্টগ্রাম বন্দর
expand
চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দুই দিনের বিরতির পর আবারও শুরু হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বন্দরের তিনটি টার্মিনাল ও বহির্নোঙরে পণ্য ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শ্রমিকরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

সকাল থেকে কোনো সংঘর্ষের খবর পাওয়া না গেলেও গতকাল রাতে দুই শ্রমিক নেতাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। তবে ডিবি বা বন্দর থানা পুলিশ এখনো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে সকাল সাড়ে ৯টায় বন্দরের অডিটোরিয়ামে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একটি বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু শ্রমিক নেতারা বৈঠক বর্জনের ঘোষণা দেওয়ায় তা শুরু হতে পারেনি।

বন্দর রক্ষা পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোর্ট কলোনি এলাকার বিভিন্ন বাসা থেকে শ্রমিকদের জোর করে তুলে বন্দর অডিটোরিয়ামে বৈঠকস্থলে নিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন