

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমরা রাজনীতি করি জনগণ, দেশ ও জাতির কল্যাণের জন্য। বৃক্ষরোপণ যদি দেশের ও মানুষের কল্যাণে আসে, সেটাই আমাদের রাজনীতি। এভাবেই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জাতীয় সম্পদের সুরক্ষার সঙ্গে রাজনীতির সম্পর্ক তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান ঢালী বলেন, দেশের অন্যতম বড় সংকট এখন জলবায়ু পরিবর্তন। নদ-নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়ায় কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল পুনঃখনন এবং নদী-খালের তীরে ব্যাপক বৃক্ষরোপণ সময়ের দাবি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করে উন্নত বিশ্বের পরিবেশ ও উন্নয়ন ভাবনা থেকে শিক্ষা নিয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি পরিবেশ সংরক্ষণ, খাল পুনঃখনন এবং সবুজায়নকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছেন।
তারেক রহমানকে ভিশনারি লিডার উল্লেখ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনের কথা ভাবেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক ভাবেন পরবর্তী প্রজন্মের কথা। তারেক রহমান আগামী নির্বাচনের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না; এটি ফল, জ্বালানি, কাঠ ও জৈবসারসহ নানাভাবে অর্থনীতিতে অবদান রাখে। খাল ও নদীর পাড়জুড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা গেলে দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনার কথাও তুলে ধরেন। তার ভাষ্য, সমুদ্রের মৎস্যসম্পদ, সামুদ্রিক শেওলা এবং বিরল খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এসব জাতীয় সম্পদ সংরক্ষণ ও কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিসুর রহমান খান জামানের সভাপতিত্বে এবং অর্থ বিষয়ক সম্পাদক সজিব আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ইকবাল চৌধুরী, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছগির আহমেদ, সমাজসেবক সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ সুজন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৮০০ গাছের চারা ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়, এবং কয়েকটি গাছের চারা বিদ্যালয়ের আঙ্গিনায় রোপন করা হয়।