বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:১৬ এএম
কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন স্থানীয়রা।
expand
কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন স্থানীয়রা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একই সঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা পারভেজ পাটোয়ারী বলেন, হঠাৎ করেই ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই লুধুয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায়।

দেওয়ানজীকান্দি গ্রামের বাসিন্দা খোকন সরকার জানান, আমাদের বাড়ির টিনের বেড়া ভেঙে রাস্তায় পড়ে আছে। গাছপালা ভেঙে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে। পাশের বাড়িতে গাছ পড়ে কয়েকটি পরিবারের বিদ্যুতের মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আধুরভিটি গ্রামের সোহরাব হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে তার ছিঁড়ে গেছে। মুহূর্তের মধ্যে বড় বড় গাছ রাস্তায় পড়ে যায়। বিদ্যুৎ না থাকায় খুব কষ্টে আছি।

এদিকে স্থানীয়রা দ্রুত সড়ক থেকে উপড়ে পড়া গাছ অপসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান জানান, ঝড়ে বিভিন্ন স্থানে খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দ্রুত সড়ক থেকে গাছ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন