রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন: নাসীরুদ্দিন পাটোয়ারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জেলার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। সালাউদ্দিন ভাই বরাবরই এ কাজটি করেন। তিনি যদি মূল ঘটনা জানতেন, তাহলে মাদ্রাসাছাত্রদের পাশে থাকতেন। তার বাবা একজন মাদ্রাসার হুজুর ছিলেন। তিনি মদিনার ইসলামের কথা বলেন, কিন্তু মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি।’

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। আমরা একসঙ্গে জুলাই আন্দোলন করেছি। ওস্তাদরা আমাদের তালেব মনে করেন। অনেক আলেম আমাদের দুঃখ প্রকাশ করতে বলেছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই আমরা এখানে এসেছি, দুঃখ প্রকাশ করেছি এবং ওস্তাদদের দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।’

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এনসিপি ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দেন তারা।

শনিবার দুপুরে এনসিপির সমাবেশস্থল জেলা শিল্পকলা একাডেমিতে হামদ-নাত অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এতে শহরে উত্তেজনা দেখা দেয় এবং এনসিপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এর মধ্যে শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জাতীয় সংসদে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দেন হাসনাত আব্দুল্লাহ। পরে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন