রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে জেলা প্রশাসনের অনুমতি না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান হচ্ছে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। তবে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ করেন। এ সময় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি দুঃখ প্রকাশ না করলে এনসিপির অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরে শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।’

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। এ কারণে ওইভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন