বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গানবাজনা বন্ধের অনুরোধে লাঠিচার্জ, পুলিশের আচরণে ছাত্র জমিয়তের নিন্দা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সে উচ্চস্বরে গানবাজনার প্রতিবাদ জানাতে গিয়ে দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ এবং পরবর্তীতে পুলিশি লাঠিচার্জে মাদরাসা শিক্ষার্থীসহ প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

তিনি বলেন, বুধবার মাদরাসায় পরীক্ষা থাকায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ লাইন্সের ভেতরে উচ্চস্বরে গানবাজনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতিতে বিঘ্ন ঘটছিল। এ অবস্থায় মাদরাসার কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বর কমানোর অনুরোধ জানাতে গেলে তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক। একটি সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আহত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রিদওয়ান মাযহারী বলেন, পুলিশ জনগণের সেবক ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল, সংযত ও পেশাদার হওয়া প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে, ফ্যাসিবাদী আমলের দীর্ঘদিনের স্বেচ্ছাচারী মানসিকতার কিছু প্রবণতা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে দৃশ্যমান। জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে কাঙ্ক্ষিত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পুলিশ সুপার ঘটনাটিকে অনভিপ্রেত ও ভুল বোঝাবুঝির ফল হিসেবে উল্লেখ করেছেন এবং উচ্চস্বরে গানবাজনা করাও সঠিক হয়নি বলে স্বীকার করেছেন। আমরা মনে করি, বিষয়টি শুধু বক্তব্য বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যথাযথভাবে তদন্ত করা জরুরি।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আহত মাদরাসা শিক্ষার্থী ও অন্যান্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মাদরাসা ও মসজিদের নিকটবর্তী এলাকায় উচ্চস্বরে গানবাজনা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ও ইবাদতের পরিবেশের প্রতি সকলের সম্মান প্রদর্শন করা উচিত। কোনো পক্ষের অসতর্কতা বা দায়িত্বহীনতার কারণে যেন শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank